‘নিজেরাই সমস্যা সমাধান করলে আফগানদের সঙ্গে কাজের সুযোগ থাকবে’

আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলের প্রেক্ষাপটে আফগানরা যদি নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে তাহলে তাদের সঙ্গে কাজ করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রবিবার (২২ আগস্ট) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের একটি অবস্থান আছে যে, বর্তমান যে তালেবান, যাদের ২.০ বলা হচ্ছে; তারা যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে, নিজেদের জনগণের জান-মালের হেফাজত করতে পারে বা নিরাপত্তা দিতে পারে, একইসঙ্গে বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে পারে, কেউ যদি চলে আসতে চাই, সেটি নিশ্চিত করতে পারে অর্থাৎ কথা এবং কাজে যদি মিল খুঁজে পাওয়া যায়, তবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করবো।’ এর জন্য কিছু সময় প্রয়োজন বলে তিনি জানান।

আফগানিস্তান সার্কের সদস্য এবং সেখানে উন্নয়নমূলক কাজের সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কানেক্টিভিটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আফগানিস্তান কানেক্টিভিটি ক্রসরোডে রয়েছে। সেটি গ্যাস লাইন বা পাইপলাইন হতে পারে, বা বিআরআই এর ক্ষেত্রে হতে পারে।’

পররাষ্ট্র সচিব বলেন ‘আমরা আনুষ্ঠানিকভাবে বিআরআই এর অংশ। সুতরাং আমার মনে হয় আমরা আরও কিছুদিন বিষয়টি দেখবো।’

এই মুহূর্তে দূতাবাস খোলার বিষয়ে কোনও পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, ‘তবে নিরাপত্তার কারণে আমরা খুলিনি। যদি নিরাপত্তা ব্যবস্থা ভালো হয় তখন আমরা অবশ্যই চিন্তা করবো।’

আফগানিস্তানে অবস্থানরত ২৭ জন বাংলাদেশি নিরাপদে আছে জানিয়ে  মাসুদ বিন মোমেন বলেন, ‘তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।’

‘পরিস্থিতি ভালো হলে আমরা উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আফগানিস্তানে পাঠাতে পারি, যাতে করে বাংলাদেশিদের আশেপাশের দেশগুলোতে নিয়ে যেতে পারে,’—বলেন তিনি।

সংখ্যায় কম বলে একটি বিশেষ প্লেন পাঠিয়ে তাদের নিয়ে আসার বিষয়টি বিবেচনায় নেই বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘তাদের ব্যাচে ব্যাচে করে ফেরত আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং এ জন্য আমরা জাতিসংঘের সঙ্গে আলোচনা করছি।’