‘১৫ আগস্ট বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ রাসেলসহ যারা শহীদ হয়েছিলেন তাঁদের কী দোষ ছিল?’—এ প্রশ্ন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, ‘যারা ট্রেড ইউনিয়নে বিশ্বাস করে না, তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু গরিব শ্রমজীবী মেহনতি মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বঙ্গবন্ধু শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন।’
মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর মতিঝিলে ওয়াপদা ভবনের সম্মেলন কক্ষে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ-সিবিএ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। পরে শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়।
অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে যাতে জঙ্গিবাদ, বোমাবাজ, পেট্রোলবাজ কেউ কোথাও লুকিয়ে থাকতে না পারে।’
পানি উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি-বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, মহসীন ভূঁইয়া, অ্যাভোকেট হুমায়ুন কবির, মশিকুর রহমান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক এবং পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ জাতীয় শ্রমিক লীগ এবং পানি উন্নয়ন বোর্ডের সিবিএ নেতারা এ সময় বক্তৃতা করেন।