মানিকগঞ্জে চার জনকে হত্যার হুমকিতে পুলিশের মতবিনিময় সভা

হুমকি

সাটুরিয়ায় পুজা উদযাপন কমিটির সভাপতিসহ চারজনকে হত্যার হুমকি দেওয়া নিয়ে সাটুরিয়া থানা পুলিশের পক্ষ থেকে এক মতবিনিমিয় সভা করা হয়। বৃহস্পতিবার দুপুরে বালিয়াটী ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভায় অনুষ্ঠিত হয়।

সভায় সাটুরিয়া থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে সমরেন্দু সাহা লাহোরের ঠিকানায় আনসারুল্লাহর পক্ষ থেকে ডাক যোগে চিঠি আসায় ভয়ের কারণ নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে।

মতবিনিময় সভায় সাটুরিয়া থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, সাটুরিয়ায় কোনও জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। এ চিঠি কোত্থেকে আসল, তা বের করতে হবে। আপনাদের অপরিচিত কাউকে সন্দেহ হলে আমাদের জানাবেন। আপনারা সচেতন থেকে আমাদের সহযোগীতা করলে এই রহস্য উদঘাটন করা সম্ভব।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাটুরিয়া থানার এসআই  লুৎফর রহমান, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সোবহান, হুমকি পাওয়া বালিয়াটী ইউপি আওয়ামী লীগ সভাপতি মো. রুহুল আমিন, বালিয়াটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. লিয়াকত আলী প্রমুখ।

মঙ্গলবার উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও প্রভাষক সমরেন্দু সাহা লাহোর, বালিয়াটী রাম কৃষ্ণের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দ, সাটুরিয়া উপজেলা উদীচী শাখার সভাপতি আবুল হোসেন, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিনের কাছে ‘কাফনের কাপড়’ পাঠিয়ে এক বার্তায় বলা হয় ‘তোমরা আমাদের পরবর্তী  টার্গেট, প্রস্তুত থাকো।’

সাটুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক সমরেন্দু সাহা লাহোর মঙ্গলবার রাতে সাটুরিয়া থানায় সাধারণ ডাইরি করেন বলে জানান।

/জেবি/এইচকে/