শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধুর মমত্ববোধ ছিল অপরিসীম। গরীব দুঃখী মানুষের জন্য তার অন্তর সবসময় কেঁদেছে। বঙ্গবন্ধু গরীব শ্রমজীবী মেহনতি মানুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন। দেশের মানুষের প্রতি মমত্ববোধ ও ভালবাসার কারণেই বঙ্গবন্ধু খোকা থেকে জাতির পিতা হয়েছেন।
শনিবার (২৮ আগস্ট) রাজধানীর জিরো পয়েন্টে জিপিও প্রাঙ্গণে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন- সিবিএ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর আদর্শকে বুকে ধারণ সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। তিনি ১৫ আগস্ট এবং ২১ আগস্টে শাহাদতবরণকারী সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবুল হাসেম খান খাদেমের সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো.আলাউদ্দিন মিয়া, মো. মহসীন ভূঁইয়া, অ্যাডভোকেট হুমায়ুন কবির, মো. সফর আলী, মো. মশিকুর রহমান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, সুলতান আহমেদ এবং পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন -সিবিএ’র সাধারণ সম্পাদক মো. আমজাদ আলী খানসহ জাতীয় শ্রমিক লীগ এবং ডাক কর্মচারী ইউনিয়ন- সিবিএ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদতবরণকারী সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।