নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কফিনে ডেডবডি থাক বা না থাক, বিএনপি পলিটিক্যালি ডেডবডিতে পরিণত হয়ে গেছে।
রবিবার (২৯ আগস্ট) রাজধানীর বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু পরিষদ বারডেম শাখা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন দরকার। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত জানা দরকার। তাহলেই জানা যাবে কফিনে কী আছে। জিয়ার লাশ নিয়ে টানাটানি হচ্ছে। কফিনে জিয়ার লাশ সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্য তথ্যভিত্তিক। তবুও মির্জা ফখরুল হাস্যকর বলছেন। তার চিকিৎসা করানো দরকার।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সেদিনের সেই ঘটনায় অনেক মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে। হত্যা করা হয়েছে। সেই সময়ে যারা বেঁচেছিলেন তারা পরবর্তীতে অস্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। সেগুলো এখন বড় প্রশ্ন। কাজেই সেটারও একটা রহস্য উদ্ঘাটন করা দরকার।
বঙ্গবন্ধু পরিষদ বারডেম শাখার সভাপতি অধ্যাপক মীর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেক (ভার্চুয়ালি), বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বিএসএমএমইউ'র ভিসি অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা ট্রাস্টের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ।