‘বিচার বিভাগে কোনও অনিয়ম দেখতে চাই না’

কুমিল্লায় আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধান বিচারপতি

বিচার বিভাগকে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।  তিনি বলেন, ‘আমি বিচার বিভাগে কোনও অনিয়ম দেখতে চাই না। দেশে যদি রুলস অব ল’ না থাকে, তাহলে পৃথিবীর কোথাও আমরা দাঁড়াতে পারবো না। শুক্রবার কুমিল্লা বারের আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বিচারাধীন পুরাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত নিষ্পত্তি করে মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এজন্য বেঞ্চ ও বারের মধ্যে সমন্বয় প্রয়োজন।’ তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনজীবীদের সহযোগিতা ছাড়া কখনও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মাঝে আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারলে দেশ অর্থনীতিতে উন্নত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. নূরুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ্ আবিদ হোসেন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিমকোর্ট বার শাখার সভাপতি ড. বশির আহম্মেদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কুমিল্লা বার শাখার সভাপতি ও কুমিল্লা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (লিটন), বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সদস্য অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান প্রমুখ।

 /এসটি/এমএনএইচ/