ভিয়েনা গেলেন স্পিকার ড. শিরিন শারমিন

অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি ভিয়েনায় অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট-এর ১৩তম সামিট, স্পিকার্স অব পার্লামেন্ট-এর পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজমের প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নেবেন।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনার উদ্দেশে যাত্রা শুরু করেন। 

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় ৬-৮ সেপ্টেম্বর ২০২১ অস্ট্রিয়ার ভিয়েনায় সামিট এবং কনফারেন্সসমূহ অনুষ্ঠিত হবে। স্পিকারের সঙ্গে সামিট ও কনফারেন্সগুলোতে আরও অংশ নেবেন সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রুমানা আলী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার। 

স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।