দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার গুলশান-২-এ শাহাবুদ্দিন আহমেদ পার্কে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শুভ জন্মদিন স্বপ্নের রূপকার’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে স্পিকার বলেন, ‘আজ সারা দেশে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হচ্ছে। তিনি আমাদের চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্পন্ন কাজ করে যাচ্ছেন। এ কারণে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’
স্বাধীনতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে জানিয়ে শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে কালো অধ্যায়ের সূচনা ঘটেছিল। তখন বিদেশে অবস্থান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা প্রাণে বেঁচে যান। কিন্তু নানা হুমকির কারণে দীর্ঘদিন তাদের প্রবাসে অবস্থান করতে হয়েছে। পরে দেশে ফিরে মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম শুরু করেন। একে একে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেন। এভাবে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি আজকের এই অবস্থানে এসেছেন।’
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালোবাসতেন, এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন।’
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার প্রতীক। তিনি দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই তিনি যেভাবে দেশটাকে ভালোবাসেন; আসেন আমরাও সেভাবে দেশ তথা ঢাকাকে ভালোবাসি। আমরা যেন ঢাকা শহরে যত্রতত্র ময়লা না ফেলি।’
ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রধানমন্ত্রীর অনন্য একটি দৃষ্টান্ত। তিনি এ প্রকল্পের সারসংক্ষেপ দেখে দিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শিগগিরই তা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রমুখ বক্তব্য দেন।