সোমবার আন্দোলনরত শিক্ষকদের কথা শুনবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাপাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের দাবি দাওয়া শুনতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আগামীকাল সোমবার বিকাল চারটায় তাদের গণভবনে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতা ড. এজেএম শফিউল আলম ভুইয়া রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এএসএম মাকসুদ কামাল এ ব্যাপারে বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে চায়ের দাওয়াত দিয়েছেন। তবে শুধু আমাদের নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকেও দাওয়াত দিয়েছেন তিনি।

শিক্ষকদের কর্মবিরতি নিয়ে কথা বলতেই এ আয়োজন কিনা জানতে চাইলে এএসএম মাকসুদ কামাল বলেন, ‘আমরা এখনও কিছুই জানি না। প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিয়েছেন। সেখানে আমরা যাবো এখন পর্যন্ত এই।’

কিন্তু আপনারা সেখানে বিষয়টি উত্থাপন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন, উনি যদি সেখানে এটি নিয়ে আলোচনা করেন তাহলে অবশ্যই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো।’

সরকারের সচিবদের সঙ্গে বেতন ও মর্যাদার বৈষম্যজনিত কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যান সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এর ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।

ওইদিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মবিরতিতে যাওয়া শিক্ষকদেরকে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহবান জানান। এসময় তিনি বলেন, শিক্ষকদের জন্য আরও কিছু করার থাকলে, সরকার সেটা অবশ্যই বিবেচনা করবে। এসময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কটাক্ষ করে কিছু মন্তব্য করেন যা ব্যাপক ভাবে সমালোচিত হয়।

তবে প্রধানমন্ত্রীর আহ্বান সত্ত্বেও বিষয়টির মীমাংসা না হওয়ায় ‘মর্যাদার প্রশ্নে কোনও আপোষ নেই’ জানিয়ে অনড় অবস্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

//জেএ/টিএন/