জাপা নেতাকে হত্যাচেষ্টা: বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

হরতাল

রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে হত্যাচেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রংপুরে সকাল সন্ধ্যা-হরতাল ডেকেছে জাতীয় পার্টি। রবিবার দুপুরে রংপুর নগরীর কাছারি বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে হরতাল কর্মসূচি ঘোষণা করেন মহানগর জাপা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

এর আগে নগরীর সেন্ট্রাল রোডের জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কাছারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, জাপা নেতা ইব্রাহিম পন্ডিত, সৈয়দ নুর আহাম্মেদ টুলু, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।  

বক্তারা অভিযোগ করেন, শুক্রবার (১৫ জানুয়ারি) জুম্মার নামাজ আদায় করে জাপা নেতা ইয়াসির তার বাবার কবর জেয়ারত করতে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে যান। সেখানে কবর জেয়ারত শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

এসময় চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও সংকটাপন্ন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ তিনদিনে কাউকে গ্রেফতার করতে পারেনি।

/জেবি/এইচকে/