তন্ময় আহমেদ নামে একজন টেলিটকের এই পোস্টের প্রতিবাদ করে লিখেছেন, ‘একটি দেশের জাতীয় পতাকা এমন করে সাদা রঙ দিয়ে মুছে দেওয়া কোন ধরনের সভ্যতা? এই জিম্বাবুয়ের কাছে যখন আমরা নিয়মিত হারতাম তখন কি তারা আমাদের পতাকা মুছে দিয়েছিল?’
ফেসবুকে অনেকেই বিষয়টিকে ‘অজ্ঞতার পরিচায়ক’ হিসেবে উল্লেখ করেছেন।
আবু ফয়সাল মো. পারভেজ নামের একজন লিখেছেন, ‘পতাকার অপমান একটি জাতির অপমান, টেলিটকের সেটা বোঝা উচিৎ ছিল।’
রাহুল খান নামের একজন লিখেছেন, ‘নিজেরা সামান্য সমালোচনাও সহ্য করতে পারি না। অথচ বাংলাওয়াশের নাম কইরা অন্য দেশের পতাকা মুইছা দেওয়ার ট্রেন্ড চালু কইরা ফেলছি।’
মাকসুদুর রহমান লিখেছেন, ‘টেলিটক একটি জাতীয় ফোন কোম্পানি। মানে টেলিটক দেশের মানুষকে রিপ্রেজেন্ট করে। অন্য আরেকটি দেশের জাতীয় পতাকা এইভাবে মুছে দেওয়া পোস্ট টেলিটকের মতো মোবাইল কোম্পানির কাছ থেকে কোনওভাবেই আশা করা যায় না। আশা করবো, টেলিটক থ্রিজি এই পোস্টটি প্রত্যাহার করে নেবে।’ সাধারণ নাগরিক ও টেলিটক ইউজার হিসেবে এই পোস্টের প্রতিবাদ করে তিনি আরও লিখেন, ‘দেশের ফোন কোম্পানি হিসেবে টেলিটক আমাকে প্রতিনিধিত্ব করে। যে ফোন আমাকে প্রতিনিধিত্ব করে, সেই ফোন এইরকম একটি দায়িত্ব জ্ঞানহীন পোস্ট দিতে পারে এটা মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে জানার জন্য টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জিয়াস উদ্দিনকে ফোন করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
/এমএমআর/এফএস/