প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক শেষ, কাল সিদ্ধান্ত জানাবেন শিক্ষকরা

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শিক্ষক নেতাদের টানা দু’ঘণ্টার বৈঠক শেষ হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে দাবি-দাওয়ার বিষয়ে শিক্ষক নেতাদের দীর্ঘ আলোচনা হয়েছে।

এ বৈঠক থেকে বেরিয়ে শিক্ষক নেতারা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার তারা সাধারণ সভা করে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শুরু হওয়া ওই বৈঠকে মোট পাঁচ জন শিক্ষক নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। এদের মধ্যে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এএসএম মাকসুদ কামালসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কয়েকজন নেতা ছিলেন।

গণভবনে পিঠা উৎসব উপলক্ষে শিশুদের নৃত্য পরিবেশনা

গণভবনে আজকের পিঠা উৎসব উপলক্ষে গত রবিবার তাদের নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই ধারণা করা হচ্ছিল শিক্ষকদের কথা শুনতে চান প্রধানমন্ত্রী। তবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। আজকের অনুষ্ঠানে শিক্ষক নেতারা যোগ দিলে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তাৎক্ষণিক ভাবেই তাদের কথা শুনতে রাজি হন প্রধানমন্ত্রী। তার পরিপ্রেক্ষিতে এ বৈঠক শুরু হয়।

গণভবনে পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপভোগ করছেন প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিতরা

এর আগে পিঠা উৎসব উপলক্ষে নিমন্ত্রিত শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী-রাজনীতিবিদ ও সাংবাদিকরা একে একে গণভবনে এসে পৌঁছান। ‘নতুন ধানের চিড়া’ গান দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

গণভবনে পিঠা উৎসবে আমন্ত্রিত সাংবাদিক ও শিল্পীদের একাংশ

উল্লেখ্য, মর্যাদা ও বেতন প্রশ্নে বিভিন্ন পর্যায়ে আন্দোলনের পর ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত ২ জানুয়ারি এই লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন। এ সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও পোষণ করেছিলেন তারা।

/ইই/টিএন/