ঢাকায় ফিরছেন এরশাদ, দুপুরে সংবাদ সম্মেলন

এইচ এম এরশাদ

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জিএম কাদেরের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ ধারণ করায় রংপুর সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। পাঁচ দিনের নির্ধারিত সফরে রংপুরে গেলেও উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এ সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে মঙ্গলবার দুপুরে দলটির বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনও ডেকেছেন তিনি।

জাতীয় পার্টির একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।    

আজ মঙ্গলবার সকাল ১০টায় রংপুর জেলা সার্কিট হাউস থেকে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন সাবেক রাষ্ট্রপতি। দুপুরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রবিবার (১৭ জানুয়ারি) পাঁচ দিনের সফরে রংপুরে যান এরশাদ। ওইদিন সন্ধ্যায় রংপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে কর্মী সম্মেলনে ছোট ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেন তিনি।

এরশাদের এ ঘোষণার একদিনের মাথায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন দলের একটি অংশের নেতাকর্মীরা।   

দলের চেয়ারম্যান যে প্রক্রিয়ায় কো-চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে ঘোষণা করেছেন তা গঠনতন্ত্র অনুযায়ী সঠিক হয়নি বলেও দাবি করেছেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।    

/এসএম/এসটি/