সরকার চলতি অর্থবছরের আমন মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও তিন লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। খোলা বাজার থেকে সরকার ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সভায় সভাপতিত্ব করেন। সভায় একই সময় দেড় লাখ টন গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে। ২৮ টাকা কেজি দরে এই গম কেনা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামী ৭ নভেম্বর থেকে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। ২০২২ সালের ১ এপ্রিল থেকে ধান কেনার সিদ্ধান্ত হয়েছে।
গত বছর আমনে ২৬ টাকা কেজি দরে ধান ও ৩৬ টাকা কেজি দরে চাল কিনেছিল সরকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সংযুক্ত ছিলেন।
সভায় অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যুক্ত থেকে নিজেদের অভিমত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি খাদ্যের নিরাপত্তা মজুতও বাড়াতে চায়। বোরো ধান সংগ্রহে সফল হয়েছে সরকার। আশা করি, সেই ধারাবাহিকতায় আমন সংগ্রহেও সফলতা অর্জন সম্ভব হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ খাদ্য পণ্যসহ আরও বেশ কিছু পণ্য বিদেশে রফতানি করে। মানসম্পন্ন পণ্য উৎপাদন হলে রফতানির সম্ভাবনা আরও বাড়বে।