কোভিড মোকাবিলায় ডি৮-এ প্রস্তাব বাংলাদেশের

আট জাতির জোট ডি৮-এর সমৃদ্ধির জন্য দেশগুলোর বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে একটি বৈঠক করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দুই দিনের ডি৮ কমিশনার মিটিং-এর সমাপনী দিন মঙ্গলবারে (৯ নভেম্বর) এই প্রস্তাব দেয় বাংলাদেশ। এ ছাড়া কোভিড পরিস্থিতি মোকাবিলায় আরও কী করা যায় তা নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্য দেশগুলো প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে।

বাংলাদেশের কমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ওয়াহিদা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা, জ্বালানি ও খনিজ, পরিবহন ও পর্যটন নিয়ে আলোচনা করা হয়।

কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য একটি ডি৮ ওয়ার্কিং কমিটি গঠনের ধারণাপত্র পেশ করে বাংলাদেশ। অন্য সদস্যরা এ বিষয়ে আলোচনা করতে সম্মত হয়।

ডি৮-এর সদস্যরা হচ্ছে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।