জাপার হরতাল অহেতুক: ভারপ্রাপ্ত পুলিশ সুপার

রংপুরে জাতীয় পার্টির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধা হরতালকে ‘অহেতুক’ আখ্যা দিয়ে মন্তব্য করেছেন রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ফারুখ আহমেদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে তড়িঘড়ি করে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, জাপা নেতা ইয়াসিরকে আহত করার ঘটনায় রংপুর নগরীতে সকাল-সন্ধ্যার এ হরতাল অহেতুক। এর কোনও প্রয়োজন ছিল না। আইনশঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশি টহল আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। 

জাপার হরতালের সমর্থনে মিছিল

হামলার অভিযোগের বিপরীতে তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, রংপুর মহানগর জাপার সদস্য সচিবকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নগরীর গনেশপুর মহল্লার আকাশ ওরফে মামুন, রেজাউল করিম বাদল, সাতগাড়া মিস্ত্রিপাড়া মহল্লার নুর হোসেন সুজন এবং পাকপাড়া বলোকার আমিরুল ইসলাম শুভ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত চারজনকে বৃহস্পতিবারই আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

খুব দ্রুত এ হামলার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের ‘বিচারের কাঠগড়ায় আনা সম্ভব হবে’ বলে মনে করেন ফারুখ আহমেদ।

/এইচকে/