সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কর্মকাণ্ডে রাষ্ট্র সংক্ষুব্ধ নয়, তবে সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে আইসিটি অ্যাক্টে মামলা করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে রাষ্ট্র মামলা করতে পারতো কিনা জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'যদি কেউ সংক্ষুব্ধ হয়, তার তো অধিকার রয়েছে মামলা করার। এটা তো ব্যাপার নয়। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনি (প্রশ্নকারী সাংবাদিক) যদি সংক্ষুব্ধ হন, আপনি মামলা করবেন। রাষ্ট্র মামলা করবে কেন? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।'
এর আগে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই’র (নিসচা)কেন্দ্রীয় কমিটি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শাখা যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।