ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে বাংলাদেশ আজ বিশ্বে পরিচিত: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের বাংলাদেশ সমগ্র বিশ্বে এক উন্নয়নের বিস্ময়। ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে দেশ আজ বিশ্বে পরিচিত। আমরা আর দরিদ্র, বন্যাকবলিত দেশ হিসেবে পরিচিত নই। আমরা অনেক ক্ষেত্রেই বিশ্বের রোল মডেল।

রবিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের অনেক সফলতা আছে। যেখানে বাঙালি আত্মপরিচয় ও স্বাধীনতার জন্য যে ইতিহাস রচনা করেছে তা বিশ্বে বিরল। বাহাত্তরের সংবিধান বিশ্বে বিরল। এই সংবিধানের বর্ণনা দিতে গিয়ে অনেক ব্যাখ্যায় অনেক বিচারক বলেছেন—আমাদের সংবিধানটা অনেক ইউনিক। এটা অন্যকোনও রাষ্ট্রের সঙ্গে সমঝোতার দলিল না। এটা কারও কাছ থেকে পাওয়া দয়া-দক্ষিণা না। এটা আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল। আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করেছি, সেইটাই আমাদের বাহাত্তরের সংবিধান।

তিনি আরও বলেন, বাংলাদেশের যে ৫০ বছরের পথ চলা সেখানে সবচেয়ে বড় যে আঘাত এসেছে তা হলো ’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা। আমাদের গৌরবের ইতিহাসের ধারাকে উল্টো পথে পরিচালিত করার নীল নকশা ছিল এই হত্যাকাণ্ড। সেই জায়গা থেকে আবার ফিরিয়ে আনতে হয়েছিলো। আমাদের প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

আমাদের বর্তমান সফলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের এখান থেকে যতটুকু সফলতা, যতটুকু অর্জন আমরা করতে পেরেছি, সেখান থেকে আমাদের আরও সামনের দিকে আগামী ৫০ বছরের পথ রচনা করতে হবে।

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী প্রমুখ।