ভারতের রাষ্ট্রপতি আসছেন আজ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে আজ (১৫ ডিসেম্বর) ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের এই রাষ্ট্রীয় সফর করবেন তিনি। তার সঙ্গী হিসেবে এসব আয়োজনে যোগ দেবেন সহধর্মিণী ও কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুই জন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল (১৪ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটাই হবে বাংলাদেশে রামনাথ কোবিন্দের প্রথম সফর। ঢাকায় তার অবস্থানকালে কী কী বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের যখনই সাক্ষাৎ হয়, আমরা সব ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। যদিও ভারতের রাষ্ট্রপতি একটি বিশেষ আয়োজনে ঢাকায় আসছেন, তারপরও আমরা তার সঙ্গে আমাদের ইস্যুগুলো নিয়ে আলোচনা করবো।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যোগ করেন, ‘এবারের সফরে কোনও চুক্তি বা সমঝোতা স্মারকের কোনও বিষয় নেই। তবে ভারতের সঙ্গে যখনই আমাদের আলোচনার সুযোগ হয় তখন আমরা পারস্পরিক বিষয়গুলো আলোচনা করি এবং এবারও সেটি হবে।’

ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফরসূচি

  • আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এরপর বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হবে তাকে।
  • সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রামনাথ কোবিন্দ। এরপর দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন।
  • বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।
  • মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার দেবেন ভারতের রাষ্ট্রপতি।
  • আগামীকাল (১৬ ডিসেম্বর) জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে দেখা যাবে তাকে। এখানে আরও থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
  • সফরের তৃতীয় দিন (১৭ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনাস্থ কালীমন্দিরের সংস্কারকৃত অংশ উদ্বোধন ও মন্দির পরিদর্শন করবেন। মন্দির সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়ের আগ্রহ দেখিয়েছেন তিনি। একই দিনে রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রামনাথ কোবিন্দ।