আরমা দত্তকে স্পিকারের অভিনন্দন

ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি নেটওয়ার্ক ফর এডুকেশনের (আইপিএনইডি) এশিয়া মহাদেশের আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরমা দত্ত এমপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

বুধবার (১৫ ডিসেম্বর) জাতীয় সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আরমা দত্ত ভাষা আন্দোলনের অন্যতম প্রবর্তক ও স্বাধীনতা সংগ্রামে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী। তিনি আইপিএনইডি’র শিক্ষা বিষয়ক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি নেটওয়ার্ক ফর এডুকেশনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবার জন্য গত ১২ ডিসেম্বর পর্যন্ত ভোট নেওয়া কার্যক্রম চালু ছিল। আরমা দত্তের বৈশ্বিক নেতৃত্বগুণ এবং অভিজ্ঞতার জন্য বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ানরা তাকে এশিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন।