জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনের শাসন সমুন্নত রেখে শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্টের ভূমিকা অনন্য। সংবিধানের আলোকে ন্যায়বিচার নিশ্চিতে আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্থান, স্থাপত্য, প্রতিবদেন ও ছবি সংবলিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
জাতীয় সংসদের গণমাধ্যম শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন এবং আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
স্পিকার বলেন, সংবিধানের আলোকে ন্যায়বিচার নিশ্চিত করতে আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সংবিধান ও আইনগত জটিলতার সময়ে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা প্রদান করে। সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধুর হত্যাকারীসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের বিচারকার্য সম্পাদন করেছেন। এসময় তিনি উন্নয়নের জন্য গণতন্ত্র ও সুশাসন অপরিহার্য বলে উল্লেখ করেন।
বিচার পাওয়া মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিচার নিশ্চিত করতে সংবেদনশীল হয়ে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। তিনি করোনা মহামারিতে উচ্চ আদালত ও অধ্বস্তন আদালতের করোনায় আক্রান্ত ও নিহত আইনজীবীদের স্মরণ করেন। এসময় স্পিকার করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত পদ্ধতি চালু করার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিজ্ঞ বিচারপতি ও বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত ছিলেন।