তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পঞ্চাশ বছরের পথচলায় বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র, প্রতিবন্ধকতা পেছনে ফেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্নপূরণের পথে দেশ দুরন্ত গতিতে এগিয়ে চলছে।
শনিবার (১৮ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার প্রাক্কালে মন্ত্রী এসব কথা বলেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণের উদ্দেশে যাত্রার প্রাক্কালে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন ড. হাছান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্যমন্ত্রী এসময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ ও আত্মদানকারী মা-বোনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
ড. হাছান বলেন, ১৯৭১-৭২ সালে যারা সংশয়ে ছিলেন, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে কিনা, উন্নত-সমৃদ্ধ হতে পারবে কিনা, তারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে, বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশ, বাংলাদেশ আজ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।