সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারের ১৫টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় হবে ১৭ হাজার ৩৪৮ কোটি টাকা। সোমবার (২০ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিসভা কমিটির অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।
সভা শেষে অর্থমন্ত্রী বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটির অনুমোদিত ১৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১৭,৩৪৮ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৪৯২ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে পরামর্শক সেবা কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে নিপ্পন কোই. কোং লিমিটেড (জাপান), ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল কো. লিমিটেড (জাপান), সিপিজি কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড প্রাইভেট লিমিটেড (সিঙ্গাপুর) এবং ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (বাংলাদেশ) এর সঙ্গে ৫৭০ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ২৫৬ টাকায় ২০২২ সালের ১৮ আগস্ট তারিখ পর্যন্ত ৬১ মাসের জন্য নিয়োগের চুক্তি করা হয়। প্রকল্পের কাজ চলা অবস্থায় মাঠ পর্যায়ে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২৫ সালের ৫ এপ্রিল পর্যন্ত ৩২ মাস বৃদ্ধির জন্য ভেরিয়েশন বাবদ ২০০ কোটি ৯২ লাখ ২৩ হাজার ২০১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
‘খুলনা পয়:নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং এসএন-২ এর আওতায় নির্মাণকাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। কারিগরিভাবে রেসপন্সিভ ৩টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চায়না জিও ইঞ্জিনিয়ারিং করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। এজন্য ব্যয় হবে ৮৩০ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৫৬১ টাকা।