২০১৯ সালে খালেদা জিয়ার সঙ্গে আসল খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সেই খেলায় রেফারি থাকবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দেখা যাবে খালেদা জিয়া কেমন পাকা খেলোয়াড়।’
শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘দেশব্যাপী নাশকতা ও জ্বালাও-পোড়াও করে জনগণকে যে শান্তিতে রেখেছেন, তাতে জনগণ ক্ষিপ্ত না হয়ে পৌর নির্বাচনের মত আবারও যেন গোল না দেয়। তাই এখন থেকেই সেই আসল খেলায় অংশগ্রহণের প্রস্তুতি নিন।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেনের সভাপতিত্বে স্থানীয় এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী সাংসদ সেলিনা বেগম স্বপ্না, অধ্যাপক খয়রাত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি জাকিউল ইসলাম লিমন, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ খলিদ সাইফুল্লাহ সাদি প্রমুখ বক্তব্য রাখেন।
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় অনার্স ও উচ্চ মাধ্যমিক স্তরের ২২টি দল অংশ নেয়। অনার্স বিভাগের প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন ও বাংলা বিভাগ রানার-আপ এবং উচ্চ মাধ্যমিক স্তরের দ্বাদশ বিজ্ঞান চ্যাম্পিয়ন ও একাদশ বাণিজ্য রানার-আপ হিসেবে বিজয়ী হয়।
/আরএ/এসটি/