প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ অবস্থান করলেও সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজ নিচ্ছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এই তথ্য জানিয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) আহতদের অবস্থা জানাতে গিয়ে তিনি এটি উল্লেখ করেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আমাকে টেলিফোন করেছেন, রোগীদের খোঁজ-খবর নিয়েছেন। সর্বাত্মক চেষ্টা করে চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন। বরিশাল থেকে আসা রোগীদের জন্য যা করা যায় সব ব্যবস্থাই আমরা রাখছি।’
ইনস্টিটিউটের সমন্বয়ক আরও বলেন, ‘লঞ্চে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। দগ্ধদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বরিশালের উদ্দেশে রওনা দিয়েছে। বার্ন ইনস্টিটিউটের দুই সহকারী অধ্যাপকের নেতৃত্বে তারা চিকিৎসা সেবা দেবেন।’
ঝালকাঠির কাছে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে ২৪ ডিসেম্বর রাত ৩টার দিকে আগুন ধরে যায়। ইঞ্জিন কক্ষ থেকে এর সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৪০ জনের লাশ উদ্ধার করেছে ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আহত শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন।