ঊনসত্তরের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঊনসত্তরের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পেয়েছি। স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান। আগামীকাল ২৪ জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস।

রাষ্ট্রপতি বাণীতে বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। এদিনটি গণঅভ্যুত্থান দিবস হিসেবে আমাদের স্বাধিকার আন্দোলনে স্মরণীয় হয়ে আছে।’

১৯৬৯ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও প্রেসিডেন্ট আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর। এই গণঅভ্যুত্থানের পথ ধরে অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার।’

রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ঔপনিবেশিক পাকিস্তানি শাসন, শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ঐতিহাসিক ৬-দফা ঘোষণা করেন। এতে স্বাধিকার আন্দোলনের গতি তীব্রতর হয়। পাকিস্তানিরা এ আন্দোলন নস্যাৎ করতে আগরতলা যড়যন্ত্র মামলা করে।

মামলায় বঙ্গবন্ধুসহ অন্য আসামিদের মুক্তি এবং পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি কারফিউ ভঙ্গ করে সাধারণ মানুষ মিছিল বের করেন। মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান। সংগঠিত হয় গণঅভ্যুত্থান।

সূত্র: বাসস

/এইচকে/