রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে র‌্যাব কর্মকর্তা

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে র‌্যাব কর্মকর্তারাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ এর এক কর্মকর্তা অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ থেকে র‌্যাবে যোগদানকারী ওই কর্মকর্তা হলেন উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম।
রবিবার বিকাল ৪টার দিকে তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে তাকে রাজারবাগ পুলিশ লাইনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিকালে তিনি চিকিৎসা নিয়ে চলে গেছেন।
র‌্যাব-১০ এর ডিএডি আবু নাঈম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হালিমের গ্রামের বাড়ি পাবনা। সকাল ১১টায় পাবনা যাওয়ার উদ্দেশে ধলপুর থেকে গাবতলীর উদ্দেশে বাসে ওঠেন। এরপর রমনা পর্যন্ত আসার পর তিনি অজ্ঞান হয়ে যান। এ সময় বাসের লোকজন তাকে অচেতন অবস্থায় রমনা পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে চিকিৎসা দেওয়া হয়। এরপর বিকালে ঢামেক হাসপাতালে তার পাকস্থলি ওয়াশ করা হয়। সেখানে সিট না থাকায় তাকে ফের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও জানান, অজ্ঞান ওই র‌্যাব সদস্যের কাছে ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিল। সব নিয়ে গেছে দুর্বৃত্তরা।
/এআরআর/এসএম/এএইচ/