এমপি শরীফের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে ইসির নালিশ

নির্বাচন কমিশনপৌরসভা নির্বাচনে প্রভাব খাটানো ও রিটার্নিং কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিষয়ে ময়মনসিংহ-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) শরীফ আহমেদের বিষয়ে নালিশ জানিয়ে প্রধানমন্ত্রী ও স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার ইসি সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রধামন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও সংসদ সচিবালয়ের সচিব আবদুর রব হাওলাদারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে ইসি সচিব বলেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দি) আসনের সংসদ সদস্যের নির্বাচনকালীন ভূমিকার যে চিত্র তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক যা ইসি ও সরকারের ভাবমুর্তিরও ক্ষুণ্ণকর। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টিগোচর করা আবশ্যকীয় বলে ইসি মনে করে।
বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অবগতি ও সানুগ্রহ বিবেচনার জন্যে পেশ করা হলো বলেও চিঠিতে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া একটি চিঠির অনুলিপিও কমিশন প্রধানমন্ত্রী ও স্পিকারকে পাঠিয়েছে।

প্রেক্ষাপট তুলে ধরে ইসি সচিব চিঠিতে জানান, ৩০ ডিসেম্বর দেশব্যাপী ২৩৪ পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারই পৌর মেয়র পদে প্রথমবারের মতো রাজনৈতিক দলভিত্তিক ও দলীয় প্রতীকে এ ভোট হয়। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে এবং মাঠ প্রশাসনকে নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা পালনের নির্দেশ দেয়। এতে মাঠ প্রশাসনের কর্মকর্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্যে সাধ্যমতো চেষ্টা করেছেন।

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পালের অভিযোগ জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। সেখান থেকেই তা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

এদিকে রবিবার সন্ধ্যা পর্যন্ত স্পিকারের দফতরে এ চিঠি পৌঁছেনি বলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান। এ ধরনের চিঠির ক্ষেত্রে স্পিকারের এখতিয়ার কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এটা সংসদের বাইরের ঘটনা। এ ধরনের ঘটনার ক্ষেত্রে আমার কোনও করণীয় নেই।

/ইএইচএস/এসএম/এএইচ/