একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করায় বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার শুনানি শুরু হয়েছে। ঢাকা মহানগর মুখ্য হাকিম মোহাম্মদ রশিদ তালুকদারের আদালতে এ শুনানি চলছে।
বাদীরপক্ষে শুনানি করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ সরকারদলীয় আইনজীবীরা। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।
২৩ ডিসেম্বর খালেদার রাষ্ট্রদ্রোহী বক্তব্য প্রত্যাহার করতে বাদী তাকে উকিশ নোটিশ পাঠান। কিন্তু এর জবাব না পাওয়ায় ফৌজদারী কার্যবিধির ১৯৬ ধারায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২৪ জানুয়ারি) এ অনুমোদনের চিঠি হাতে পেয়ে সোমবার বিচারিক আদালতে মামলা করলেন মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।
/টিএইচ/ইউআই/এসটি/