পরিবেশ সুরক্ষায় ডিসিদের সহযোগিতা চান মন্ত্রী

পরিবেশ সুরক্ষা, বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন। বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পরিবেশমন্ত্রী বলেন, ‘টিলা, পাহাড় ও গাছ কাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। বেদখলে থাকা বনভূমি উদ্ধার এবং অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কোন জেলায় কতটুকু বনভূমি বেদখলে রয়েছে সেই তালিকা ডিসিদের কাছে আছে। ২০৩০ সালের মধ্যে ১৬ শতাংশ বনভূমি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। বর্তমানে ১৪.১ শতাংশ বনভূমি রয়েছে। এছাড়া সামাজিক বনায়ন রয়েছে ২২ শতাংশ।’

২০২৫ সালের মধ্যে সরকারি সব উন্নয়ন কাজে ব্লক ইটের ব্যবহার নিশ্চিত করা হবে বলেও জানান মন্ত্রী।

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেশনে চলছে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক।