‘নদী দখল-দূষণ রোধে জেলা প্রশাসকদের তৎপর হতে বলা হয়েছে’

স্থলবন্দরগুলতে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সারাদেশে নদীর নাব্যতা রক্ষা, দূষণ ও দখল রোধেও জেলা প্রশাসকদের তৎপর হতে বলা হয়েছে।’

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের  দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘নদীগুলোতে যেন নাব্য থাকে, নদী দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আমাদের নদী রক্ষার যে জেলা কমিটি, সেটার সভাপতি জেলা প্রশাসক। তারা ইতোমধ্যে অনেক ভূমিকা রাখছেন এবং এগুলো আরও জোরদার করার জন্য বলা হয়েছে।’

খালিদ মাহমুদ চৌধুরী, বলেন, ‘আমাদের স্থলবন্দর যেগুলো আছে, যেহেতু সেখানে পণ্য আমদানি-রফতানি হয়, সে জায়গায় কোনও ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে না হয়, সেজন্য জেলা প্রশাসনের নজরদারি আছে, তারা রাখছেন। তারপরেও এটা জোরদার করার জন্য আমরা বলেছি।' 

প্রতিমন্ত্রী বলেন, ‘সার্বিকভাবে আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে, এগুলো তাদের সামনে উপস্থাপন করা হয়েছে।’

তিনি বলেন, ‘উপকূলীয় যে মানুষগুলো আছে, যেমন হাতিয়া, ভোলা, এসব নদী বন্দরগুলোর আরও উন্নয়ন করা এবং যাত্রীবান্দব করা। সেগুলোর ব্যাপারে আমরা ইতোমধ্যে প্রকল্প গ্রহণ করেছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে নৌ দুর্ঘটনা বেড়েছে তা নয়, কয়েকটি বড়-বড় দুর্ঘটনা ঘটেছে। নৌ দুর্ঘটনা কমে গেছে।’