‘জেলা পরিষদ নির্বাচনে ইসির কিছু করার নেই’

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকসরকারিভাবে গেজেট প্রকাশের আগপর্যন্ত জেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কিছুই করার নেই। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী আনিসুল হক।
জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জেলা পরিষদ আইন অনুযায়ী পরিষদ গঠনের জন্য সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যে তারিখ নির্ধারণ করবে সেই তারিখের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন করবে। কিন্তু নির্বাচন কমিশন এমন কোনও প্রজ্ঞাপন পায়নি। নির্বাচন পরিচালনার জন্য বিধি প্রণয়ন করবে সরকার। সেটিও হয়নি।
প্রশ্নোত্তরপর্ব শুরুর আগে বিকেল সাড়ে চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
সরকারি দলের ফজিলাতুন্নেসা বাপ্পীর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ২৩৪টি পৌরসভার তিন হাজার ৫৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ৫১টির ভোটগ্রহণ বন্ধ করা হয়েছিল। বন্ধ হওয়া ভোটকেন্দ্রেও পরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।

রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে। এ নির্বাচনে জাতীয় নির্বাচনের জন্য দলীয়ভাবে বরাদ্দকৃত প্রতীক না দিয়ে অন্যকোনও প্রতীক দেওয়ার কোনও সিদ্ধান্ত আপাতত নির্বাচন কমিশনের নেই।

/ইএইচএস/এফএ/আপ-এনএস/