সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে মালয়েশিয়া থেকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ কথা বলেন।
দেশে ফেরত পাঠানোর জন্য খায়রুজ্জামানকে কারাবন্দি করে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, একজন প্রবাসী বিদেশে আটকে থাকলে যে প্রক্রিয়ায় ফেরত আনা হয় তাকেও সেভাবে ফেরত আনা হবে। কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি জানতে চাইলে তিনি বলেন, মালয়েশিয়ান কর্তৃপক্ষ চিঠিতে একটি অভিবাসন আইন ভঙ্গের কথা বলেছে।
খায়রুজ্জামানের জাতিসংঘ শরণার্থী কার্ড আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা আমি জানি না। কিন্তু মালয়েশিয়ান সরকার নির্দিষ্টভাবে উল্লেখ করেছে যে মালয়েশিয়ান অভিবাসন আইন ভঙ্গ করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফেরত আনার পরে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় ঠিক করবে তার বিরুদ্ধে যে মামলাটি ছিল সেটি কিভাবে পুনরুজ্জীবিত করা হবে।