সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউ চত্বরে বৃহস্পতিবার রাতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, দফতর সম্পাদক রফিক রাফি,প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, সাংস্কতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান এবং কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু উপস্থিত ছিলেন।
এছাড়া কার্যনিবাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজসহ ডিআরইউর সদস্যরা উপস্থিত ছিলেন।
সাগর সারওয়ার ও মেহেরুন রুনি দম্পতির একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ এবং রুনির ভাই নওশের রোমানও এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি নিজ বাসায় নির্মমভাবে খুন হয়েছিলেন। এক দশক পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীদের এখনও শনাক্ত ও গ্রেফতার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজ আজও সোচ্চার।
ডিআরইউ-এর দফতর সম্পাদক রফিক রাফি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের দুই সদস্যের হত্যার বিচারের দাবিতে এবার ডিআরইউ তিন দিনের কর্মসূচি নিয়েছে। এর প্রথম দিন ছিল মোমবাতি প্রজ্বলন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বরে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনষ্ঠিতহবে। পরবর্তী সরকারি কার্যদিবস রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করবে ডিআরইউ।