এর আগে সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যদের বেতনভাতা সংক্রান্ত সংসদে প্রস্তাবিত পৃথক ৫টি বিল নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সুরঞ্জিত সেন জানান, প্রধানমন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর বেতন-ভাতাদির বিষয়ে কমিটির সবাই একমত হওয়ায় প্রতিবেদন চূড়ান্ত করে সংসদে পেশ করার সিদ্ধান্ত হয়েছে। তবে সংসদ সদস্যদের এ সংক্রান্ত বিল আরও পর্যালোচনার জন্যে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ আমন্ত্রণ জানাবে কমিটি; ওই বৈঠকে কমিটি প্রতিবেদন চূড়ান্ত করবে। আমরা এ বৈঠকে গ্রহণযোগ্য সমাধান পাব আশা করি।
তিনি জানান, নতুন বেতন কাঠামোয় মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের ৮২ হাজার টাকা হয়েছে। অপরদিকে সংসদ সদস্যদের জন্য প্রস্তাবিত বিলে এমপিদের বেতন ৫৫ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
সুরঞ্জিত বলেন, বলা হচ্ছে বেতন নয়, এমপিরা সম্মানী পান। যদি সেটাই হয়, তাহলে সম্মানী এক টাকা করে দিন, আর ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে মর্যাদা বাড়িয়ে দেওয়া হোক।
বৈঠকে কমিটির সদস্য মো. শামসুল হক টুকু, অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, ও সফুরা বেগম অংশ নেন। এ ছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল ও কামরুন নাহার জলি।
/ইএইচএস/এফএ/