‘বঙ্গবন্ধু-থমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড’ প্রবর্তনের ঘোষণা

আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু ও অন্যান্য অভিযুক্তদের আইনজীবী হিসাবে কাজ করেছেন থমাস উইলিয়ামস কিউসি। তার স্মরণে “বঙ্গবন্ধু-থমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড” পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম গত ২২ ফেব্রুয়ারি “বঙ্গবন্ধু-থমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড” প্রবর্তনের ঘোষণা করেন।

যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু ও অন্যান্য অভিযুক্তদের ঐতিহাসিক মুক্তি দিবসকে স্মরণীয় করতে এই পুরস্কারের প্রবর্তন করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে স্যার থমাস উইলিয়ামসের অবদানের কথা স্মরণ করে হাইকমিশনার বলেন, “স্যার থমাস উইলিয়ামস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য অভিযুক্তদের পক্ষে একজন ডিফেন্স আইনজীবী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ ও অর্থায়নে  ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তানে গিয়েছিলেন। তার এই ঐতিহাসিক ভূমিকা ও বঙ্গবন্ধুর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তাৎপর্য তুলে ধরার জন্যে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন এই অ্যাওয়ার্ডটি প্রবর্তন করেছে। বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী এবং দুই দেশের অভিন্ন মূল্যবোধের উন্নয়নে অসাধারণ অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হবে।”

অনুষ্ঠানে বিশিষ্ট ব্রিটিশ লেখক ও সাংবাদিক এবং অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিউ বার্নস বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং তিনি “বঙ্গবন্ধু-থমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড” প্রবর্তনের জন্য বাংলাদেশ হাইকমিশন, লন্ডনকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, হিউ বার্নসের পিতা প্রখ্যাত ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক ব্রিটিশ এমপি মাইকেল বার্নস সিবিই অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১ সালে `Recognize Bangladesh-Release Sheikh Mujib-Stop Genocide` আন্দোলনকে সমর্থন করেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আনসার আহমেদ উল্লাহ বক্তব্য রাখেন।