সাইবার ক্রাইম প্রতিরোধে আইনি কাঠামো তৈরির আহ্বান বাংলাদেশের

অপরাধমূলক কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তি ব্যবহার মোকবিলার জন্য জাতিসংঘের অধীনে একটি আইনি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২ মার্চ) জাতিসংঘে অপরাধমূলক কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার মোকাবিলার জন্য আন্তর্জাতিক কনভেশন সংক্রান্ত অ্যাডহক কমিটির সভায় সাধারণ বিতর্কে রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত এ আহ্বান জানান।

অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবারক্রাইম প্রতিরোধে সবার জন্য প্রযোজ্য আইনি কাঠামোর খসড়া তৈরির প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করেন রাষ্ট্রদূত।

আব্দুল মুহিত জানান, যেকোনও ধরনের অস্পষ্টতা দূর করার জন্য অপরাধ, পারস্পরিক আইনি সহায়তা, আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরী সহায়তার সংজ্ঞাগুলো যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন।