সৌদি দূতাবাসের ভিসা ইস্যুর রেকর্ড

কোভিড পরিস্থিতির কারণে পৃথিবীর বেশিরভাগ দেশেই বাংলাদেশের শ্রমিক যেতে না পারলেও বন্ধুপ্রতিম সৌদি আরবে প্রচুর বাংলাদেশি যাচ্ছেন। শুধু তাই না সৌদি দূতাবাস ভিসা প্রদানের ক্ষেত্রে গত সপ্তাহে একটি রেকর্ড করেছে ।

সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান এক সংবাদ সম্মেলনে বলেন, গত বৃহস্পতিবার আমরা ১২ হাজার ৩শ ভিসা ইস্যু করেছি। যা এই দূতাবাসের জন্য একটি রেকর্ড। গত সপ্তাহে মোট ৩৮ হাজার ওয়ার্কিং ভিসা ইস্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন আমরা গড়ে ছয় হাজারের মতো করে ভিসা প্রদান করছি।

বাংলাদেশের ২৩ লক্ষাধিক মানুষ সৌদি আরবে কর্মরত। তারা সৌদি অর্থনীতিতে অবদান রাখছেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে আমরা অভিবাসী শ্রমিক নেওয়া অব্যাহত রাখব।

দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে তিনি বলেন, আমরা এখন প্রশিক্ষণের দিকে বেশি জোর দিচ্ছি কারণ এর দুটি সুবিধা রয়েছে। প্রথমত, যে প্রশিক্ষণ পাবে সে উপসাগরীয় ৬টি দেশের যেকোনও একটা কাজ করতে পারবে, দ্বিতীয়ত দক্ষ শ্রমিক হওয়ার কারণে সে আগের থেকে বেশি মজুরি পাবে।

রাষ্ট্রদূত বলেন, আমরা আশা করি আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উত্তর উচ্চতায় পৌঁছাবে এবং দুই রাজনৈতিক নেতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ হবে।