বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পহেলা বৈশাখে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, কামাল উদ্দিন নামে ওই ব্যক্তিকে রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ তাকে গ্রেফতার করেছে।
গত ১৪ এপ্রিল ১ বৈশাখে টিএসসি এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হাজার হাজার মানুষের উপচেপড়া ভীড়ে উচ্ছৃখল কিছু যুবক মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় পরদিন শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মুনিরুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় শাহবাগ থানায় করা মামলাটির আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু একজন গ্রেফতার হওয়ায় আমরা আদালতের কাছে মামলাটি পুনরায় শুরু করার জন্য আবেদন করবো।’
তিনি আরও জানান, ‘বর্তমানে কামালকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। সে পুরস্কার ঘোষিতদের মধ্যে একজন। তাকে একজনের তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে তথ্য দাতার নাম পরিচয় এখনই বলা যাচ্ছে না। তার বিরুদ্ধে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।'
/এআরআর/এনএস/এফএস/