রাষ্ট্রপতির কাছে পাঠানো ফাইলে থাকে না প্রয়োজনীয় কাগজপত্র

রাষ্ট্রপতির কাছে পাঠানো ফাইলে বা আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কার্যক্রমে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। এ জন্য সরকারি কর্মচারী আপিল বিধিমালা যথাযথভাবে পালনে সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রণালয়গুলোয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি এ নির্দেশনা পাঠানো হয়। ওই নির্দেশনার পর শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুধবার (৩০ মার্চ) নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে গত ২২ মার্চ পাঠানো পত্রে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ হতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাবগুলোয় যথাযথভাবে কাগজপত্রাদি সংযুক্ত করা হয় না। বিশেষ করে রাষ্ট্রপতি বরাবর আপিল অথবা রিভিউ আবেদন অগ্রায়নের ক্ষেত্রে উক্ত বিধিমালায় বর্ণিত পদ্ধতি অনুসারে আদেশনামাসহ প্রয়োজনীয় দলিলপত্র পাঠানো হচ্ছে না। ফলে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়।

এমতাবস্থায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার বিষয়ে রাষ্ট্রপতি বরাবর আপিল অথবা রিভিউ আবেদন অগ্রায়নের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিভাগীয় মামলা নিষ্পত্তি নির্দেশিকায় উল্লিখিত অনুসরণীয় কার্যপদ্ধতি এবং চেকলিস্ট অনুযায়ী আদেশনামা এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলপত্রাদিসহ প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ করা হলো।  

প্রধানমন্ত্রী কার্যালয়ের এই নির্দেশনার পর আজ বুধবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিভিন্ন দফতর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর মহাপরিচালক, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল,  শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্বে), আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।