হৃদয় মণ্ডলের ওপর ছাত্ররা কেন অসন্তুষ্ট ছিল তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক হৃদয় মণ্ডলের ওপর ছাত্ররা কেন অসন্তুষ্ট ছিল এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাৎক্ষণিকভাবে যা করা হয়েছে তা শিক্ষক হৃদয় মণ্ডলের সুরক্ষার জন্য করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৯ এপ্রিল) পুরান ঢাকার আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার এবং দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা প্রয়োজন আমরা তাৎক্ষণিক তাই করেছি। এ বিষয়ে তদন্তের পরে আমরা বলতে পারবো ঘটনা কী হয়েছে। অহেতুক কোনও কারণে ক্ষতিগ্রস্ত হবেন না হৃদয় মণ্ডল।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, একটি ঘটনা ঘটেছিল।  সে কারণে হৃদয় মণ্ডলের ওপর রোষানলের সৃষ্টি হয়েছিল। কেন হয়েছিল সেগুলো দেখা হচ্ছে। অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ। এখানে কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ এটা কোনও বিষয় নয়। আমাদের বিষয় হলো সবার সমান অধিকার।