আইএসপিআরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে, তাদের বিষয়ে অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে কর্তৃপক্ষ জিরো টলারেন্স দেখাবে।’
এদিকে, বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনায় বাংলাদেশ আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যমটির পক্ষ থেকে যোগাযোগ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ডেস্কের মহাপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের কোনও অভিযোগের তথ্য তাদের কাছে আসেনি।
শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিযুক্ত দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগের খবর প্রকাশিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মরক্কো, নাইজার এবং সেনেগালের আট সেনা এবং দুই পুলিশের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে নাইজারের চার সেনা, বাংলাদেশের দুই সেনা, মরেক্কো ও কঙ্গোর একজন করে সেনা এবং সেনেগালের দুই পুলিশ সদস্য রয়েছেন। গতবছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ওই যৌন নির্যাতনের ঘটনাগুলো ঘটেছিল বলে জাতিসংঘ মহাসচিবের সহকারী টনি বানবুরি জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কঙ্গো ও নাইজারকে এসব অভিযোগের কথা জানানো হলে তারা কোনও প্রতিক্রিয়া না জানানোর কারণে জাতিসংঘ থেকে ওই দুই দেশের শান্তিরক্ষীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হচ্ছে। আর বাংলাদেশসহ অন্য দেশগুলো এসব অভিযোগ খতিয়ে দেখছে।
নিউ ইয়র্কে নতুন এই যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বানবুরি। তিনি বলেন, ‘যারা শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নিয়োজিত, তারা কী করে এমন কাজ করেন, তা বোধগম্য নয়’। দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি নিপীড়িতদের সব রকম সহায়তা দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।
১২ শিশুর মধ্যে ৬ জন ফ্রান্ম, জর্জিয়া এবং অন্য একজন ইউরোপীয় দেশের সেনাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করেছে। অন্য ৬ জন অভিযোগ করেছে, বাংলাদেশ, কঙ্গো, নাইজার ও মরক্কোর শান্তিরক্ষীদের বিরুদ্ধে। সবমিলিয়ে ২০১৫ সালে এমন ২২টি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ।
বিভিন্ন সময়ে জাতিসংঘ মিশনে অংশগ্রহণকারী সেনাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলেও এবারই প্রথম অভিযুক্তদের জাতীয়তা প্রকাশ করল সংস্থাটি।
/জেইউ/এএ/এমএনএইচ/