পোড়া বস্তি উচ্ছেদ: হাইকোর্টের নিষেধাজ্ঞা আপিলেও বহাল

হাইকোর্ট

ঢাকার কল্যাণপুরে পোড়া বস্তির উচ্ছেদের ওপর হাইকোর্টের তিন মাসের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগও। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ রবিবার (৩১ জানুয়ারি) এ আদেশ দেন।

এ বিষয়ে হাইকোর্ট যে রুল দিয়েছিলেন তা চার সপ্তাহের মধ্যে তা নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।    

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।  

হাইকোর্টে এ বিষয়ে রুলের ওপর শুনানি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চকে।

এর আগে ২১ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সকাল সাড়ে ৯টার দিকে প্রায় ২২ একর জমির ওপর পোড়া বস্তি উচ্ছেদে অভিযানে যায়। তবে উচ্ছেদ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে হঠাৎই উচ্ছেদ কার্যক্রমে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আগামী তিন মাস বস্তি উচ্ছেদ করা যাবে না বলে আদেশ দেশ আদালত।
একইসঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ওই বস্তির বাসিন্দাদের উচ্ছেদ ও হয়রানি না করতেও নির্দেশ দিয়েছেন আদালত। আইন ও সালিশ কেন্দ্রের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এই আদেশ দেন।

/ইউআই/এসটি/