মধ্যরাতে ঢাকায় ঝড়ো হাওয়া আর বৃষ্টির দাপট 

দুপুরের পর আবারও মধ্যরাতে ঝড়ো হাওয়া আর বৃষ্টি হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরের দিকে প্রথমে হঠাৎ করেই আকাশ মেঘলা হতে শুরু করে, এরপর সোয়া ৩টা নাগাদ শুরু হয় বাতাস। বাতাসের গতি বাড়ার সঙ্গে সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি। এর মধ্যদিয়ে বছরের দ্বিতীয় কালবৈশাখীর দেখা পাওয়া যায় আজ। এ সময় বৃষ্টির সঙ্গে অনেক স্থানে শিলাবৃষ্টিও হয়েছে।

সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে। রাতে তা কমে এলেও মধ্যরাতে অর্থাৎ রাত সাড়ে ১২টার পর আবার ঝড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়। এ সময় অনেক এলাকায় ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়, সঙ্গে ছিল বজ্রপাত।

এর আগে, গত বুধবার ভোরেই টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর প্রথম কালবৈশাখীর দেখা পায় রাজধানীবাসী। কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে ভেসে যায় ঢাকার পথঘাট। অনেক এলাকায় পানি জমে যানজটের সৃষ্টি হয়।

আজ আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়,  রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।