এখন থেকে প্রতিবছর ভূমি কর্মকর্তাদের ভালো কাজের জন্য স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি সেবা সপ্তাহে স্বচ্ছ, দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা প্রদান ও বাস্তবায়নে বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মাঠ পর্যায়ে ভূমি অফিসে কর্মরতদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ের বিভিন্ন পদবির গণকর্মচারীতের নিজ নিজ পদবির ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, জোনাল সেটেলমেন্ট অফিসার, চার্জ অফিসার, সহকারী সেটেলমেন্ট অফিসার, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার এবং সেটেলমেন্ট সার্ভেয়ারদের মধ্যে থেকে নিজ নিজ পদবির ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে। মূল্যায়নে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যেই পুরস্কারের জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। পুরস্কারের যোগ্য প্রার্থী যাচাইয়ে নীতিমালায় স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে সম্পূর্ণ ডিজিটালি ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট গণকর্মচারী চূড়ান্ত মূল্যায়ন করা হবে। মূল্যায়নে অস্বাভাবিক বিচ্যুতি যাচাই করার জন্য বিশেষ অ্যালগরিদম অনুসরণ করা হবে।