পঞ্চগড়ে জজের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

পঞ্চগড়ে সিনিয়র সহকারী জজ মো. লুৎফর রহমানের বাসা থেকে এক শিশু গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আম্বিয়া (১২)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহকর্মীর শয়নকক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায়  মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলা জজকোর্টের সিনিয়র সহকারী জজ মো. লুৎফর রহমানের বাসায় দীর্ঘদিন থেকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি গ্রামের জমসেদ আলীর মেয়ে আম্বিয়া গৃহকর্মীর কাজ করতো। মঙ্গলবার সকালে গৃহকর্মীর শয়নকক্ষ থেকে দরজা ভেঙে  মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
সিনিয়র সহকারী জজ মো. লুৎফর রহমানের স্ত্রী মোকারমা মারজি মিম বলেন, রাতে খাওয়া শেষে টেলিভিশন দেখে আম্বিয়া শয়নকক্ষে চলে যায়। সকালে ডাকাডাকি করেও তার কোনও শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
পঞ্চগড় সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

/বিটি/টিএন/