উন্নয়ন অংশীদারদের কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তাদের কার্যকলাপকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ্য নিজেদের ঘর সামলানোর উপদেশ দিয়েছেন তিনি। সোমবার (৩০ মে) নিজ দফতরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভালো যাতে না করতে পারি সেজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ ও নীতি তারা নিয়ে আসবে। আমাদের এটি প্রতিরোধ করতে হবে। তারা বরং আগে নিজেদের ঘর সামলাক। তাদের মুদ্রাস্ফীতি অত্যন্ত বেড়ে গেছে। আমেরিকাতে চার গুণ বেড়ে গেছে। আমাদের প্রবাসী বাঙালিরা হিমশিম খাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা প্রতিদিন এক একটা ইস্যু নিয়ে আসে। আমরা তাদের বলতাম উন্নয়ন অংশীদার। এখন উন্নয়নের এক পয়সাও দেয় না। খালি পরামর্শ দিয়ে যাচ্ছে। অন্যদিকে উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে, তার জন্য যত ফরমায়েশ আছে সেগুলি দিচ্ছে। অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন শর্ত দিচ্ছে। এগুলো গ্রহণযোগ্য না।