দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার (১ জুন) ভারত-বাংলাদেশের মধ্যে চালু হলো মিতালী এক্সপ্রেস। এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির এনজেপি রেলওয়ে স্টেশন থেকে যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেয় ট্রেনটি।
২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিতালী এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে করোনার কারণে এতদিন তা থমকে ছিল।
এদিন দিল্লিতে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি ট্রেন যাত্রার সূচনা করেন। এনজেপিতে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা, সিপিআরও (মুখ্য জনসংযোগ আধিকারিক) সব্যসাচী দে, জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষসহ অন্যরা।
ট্রেনের সূচনা করে ভারতের রেলমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আমাদের ভাগ করা ঐতিহ্য, আমাদের ভাগ করা বর্তমান এবং আমাদের ভাগ করা ভবিষ্যতের ওপর ভিত্তি করে। উভয় দেশের মধ্যে যে উন্নয়ন হয়েছে তা আজ সব স্তরে দুই দেশের মধ্যে উষ্ণ বন্ধুত্বের দ্বারা ত্বরান্বিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মিতালী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব বাড়াতে, এই বন্ধনকে আরও শক্তিশালী করতে, এই সম্পর্ককে উন্নত করতে একটি মাইলফলক হবে।’
নতুন ট্রেনের সূচনা উপলক্ষে এদিন প্রচুর মানুষ স্টেশন চত্বরে ভিড় জমায়।
ভারত-বাংলাদেশের মধ্যে তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেস। বাকি দুটি হলো কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস।