রেলভাড়া ও বিদ্যুতের দাম না কমালে আন্দোলন

রেলের ভাড়া ও বিদ্যুতের দাম না কমালে আন্দোলনের হুমকি দিয়েছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার বিকালে গণসংহতি আন্দোলনের আয়োজনে রেলের ভাড়া ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এ হুমকি দেন।
জোনায়েদ সাকি বলেন, ‘মাত্র এক বছর আগে রেলের ভাড়া বিপুল হারে বৃদ্ধির পর আবারো এই বৃদ্ধির প্রস্তাব থেকে বোঝা যায়, বর্তমান সরকার তাদের লুটপাটের বেলায় কতটা বেপরোয়া হয়ে উঠেছে। অনতিবিলম্বে এই ভাড়ার অংক না কমালে জনবিক্ষোভে নামবে গণসংহতি।’
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবুল হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহমেদ, বাচ্চু ভূঁইয়া, তাসলিমা আখ্তার, জুলহাসনাইন বাবু, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিকসহ কেন্দ্রীয় নেতারা।
জোনায়েদ সাকি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম তিন ভাগের এক ভাগে নেমে আসায় মানুষ যেখানে আশা করেছিল বিদ্যুতের দাম কমবে, পরিবহন ব্যয় কমবে, উৎপাদন বাড়বে। সেখানে জনগণ দেখতে পেল ঠিক উলটো চিত্র। সরকার তেলের দামে তিন গুণ মুনাফা করেই সন্তুষ্ট না, রেলের ভাড়া ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে তারা কার্যত পকেটমারের ভূমিকা পালন করে মানুষের শেষ সম্বলটুকুও হাতিয়ে নিতে চায়।’
তিনি আরও বলেন, ‘রেলে মানুষ ও মালামাল পরিবহন সবচে সস্তা হলেও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এক কিলোমিটারও রেললাইন বৃদ্ধি পায়নি, বরং ক্রমাগত তা কমছে। সরকার একের পর এক লুণ্ঠনের প্রক্রিয়ায় রেলওয়েকে বিপণ্ন করেছে। বর্তমান সরকার রেলওয়েতে লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে।’
/এসটিএস/এজে/আপ-এআর/