জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নির্বাচনে ফিনল্যান্ডের সমর্থন চেয়েছে বাংলাদেশ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নির্বাচনে সমর্থনের জন্য ফিনল্যান্ডের সমর্থন চেয়েছে বাংলাদেশ। আগামী ২০৩০-৩১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য নির্বাচন করবে বাংলাদেশ।

বুধবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত রিতভা কুকো-রোন্ডের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ওই নির্বাচনের জন্য সমর্থন চাইলে রাষ্ট্রদূত বিষয়টি বিবেচনার ইঙ্গিত দেন।

উল্লেখ্য বহুপাক্ষিক ব্যবস্থায় যত নির্বাচন হয়, তার মধ্যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়া সবচেয়ে মর্যাদাপূর্ণ। 

প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত আঞ্চলিক ও ইউক্রেন সংঘাতসহ বৈশ্বিক বিষয় নিয়ে মত বিনিময় করেন।

ফিনিস কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিবাসন নিয়ে ফিনল্যান্ডের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য রাষ্ট্রদূত বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং শান্তিরক্ষা ও শান্তি নির্মাণে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।